banglahour

প্রধানমন্ত্রী কৃষিখাতে যে বিশাল ভর্তুকি দিচ্ছেন, তা পৃথিবীতে বিরল

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৫:১৮ অপরাহ্ন

ঢাকা:  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিখাতে যে বিশাল অংকের ভর্তুকি দিয়ে যাচ্ছেন, তা পৃথিবীতে বিরল। অর্থনীতিতে যত চাপই আসুক, কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ে এমন কোন পদক্ষেপ নিবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য, প্রধানমন্ত্রী সার, বীজসহ কৃষি উপকরণ ও কৃষির সার্বিক উন্নয়নে বিশাল অংকের ভর্তুকি দিয়ে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন,  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও অবরোধের কারণে গতবছর পটাশিয়াম সার নিয়ে বিশ্বব্যাপী চরম অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আমরা বেলারুশ থেকে পটাশিয়াম সার কিনতে পারি নি। তখন সরকারের প্রচেষ্ঠায় কানাডা আমাদেরকে জরুরি ভিত্তিতে ৫ লাখ টন পটাশিয়াম সার প্রদান করে। যার ফলে রবি মৌসুমে ও চলমান বোরো মৌসুমে সার সংকট দেখা দেয়নি।

বাংলাদেশ-কানাডার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে ও বাণিজ্য সহজতর করতে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন। বৈঠকে কানাডার বাণিজ্য প্রতিনিধিদল কানাডা থেকে ক্যানুলা  আমদানির ক্ষেত্রে সয়াবিন ও পাম তেলের সমপরিমাণ আমদানিশুল্ক নির্ধারণের অনুরোধ জানান। বর্তমানে ক্যানুলা  আমদানির ক্ষেত্রে আমদানিশুল্ক সয়াবিন ও পাম তেলের দ্বিগুণ বলে তারা জানান। এছাড়া, বাংলাদেশে ডাল রপ্তানি, কৃষি প্রক্রিয়াজাতে সহযোগিতা এবং বাংলাদেশ থেকে শাকসবজি নেয়ার কথা জানান। 

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, কানাডা প্রতিনিধিদলের সদস্য কানাডা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর এঞ্জেলা ডার্ক, ট্রেড কমিশনার কামাল উদ্দিন, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট কিম ডগলাস ও পরিচালক এন্টনি রিজক উপস্থিত ছিলেন।   

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল