
(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ১:২২ অপরাহ্ন
কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মসভার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে নগরীর রাণীর বাজারস্থ রাসস্থলীতে ধর্মসভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাসস্থলী থেকে কান্দিরপাড়, মনোহরপুর, ছাতিপট্টি, চকবাজার হয়ে জগন্নাথপুর জগন্নাথদেবের মন্দিরে গিয়ে মহেশাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত হাজারো সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
পরে বিকেলে নগরীর রাজ রাজেশ্বরী কালীমন্দির, ঈশ্বর পাঠশালা, রানীর বাজার রামমন্দিরসহ বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের জীবনদর্শন ও শিক্ষার নানা দিক নিয়ে ধর্মসভার আয়োজন করা হয়।