
(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৯:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০০ অপরাহ্ন
রাজধানীর মিরপুর আজ যেন এক টুকরো রঙিন ক্যানভাস। কীর্তনের সুর, শঙ্খধ্বনি, রঙিন পতাকার দোল আর ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত চারপাশ। মহা জন্মাষ্টমী ২০২৫ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে মিরপুর ১৪ নম্বর, কালশী, শাহ আলী ও পাইকপাড়া এলাকা।
শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুর পদচারণায় মুখর হয়ে ওঠে প্রধান সড়কগুলো। কেউ ভগবান কৃষ্ণের স্তবগান গাইছেন, কেউ ধর্মীয় প্রতীক হাতে ছন্দে ছন্দে হাঁটছেন। চারপাশে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।
শোভাযাত্রায় ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, স্বেচ্ছাসেবক, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কাজ করেছেন একসাথে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাকসেদুর রহমান বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে যেকোনো ধর্মীয় অনুষ্ঠান মানে কেবল এক সম্প্রদায়ের আয়োজন নয়, বরং সামাজিক সম্প্রীতির প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে জন্মাষ্টমী পালন করতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নেতা এসএ সিদ্দিক সাজু বলেন, এটি কেবল ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক উৎসবেরও অংশ। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করা সত্যিই বিশেষ।
পূজা উদযাপন কমিটির একজন শীর্ষ নেতা বলেন, এখানে শুধু হিন্দু সম্প্রদায়ের ভক্তরাই নয়, মুসলিম প্রতিবেশীরাও আমাদের সঙ্গে হাঁটছেন। এটাই আমাদের আসল শক্তি। তিনি আরও বলেন, জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের জন্মদিনের স্মরণ। কৃষ্ণের শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সত্য-ন্যায় প্রতিষ্ঠা করা আজও সমান প্রাসঙ্গিক।
শোভাযাত্রা ঘিরে মন্দিরগুলোতে কীর্তন, গীতাপাঠ, প্রসাদ বিতরণ, আলোচনার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নাটিকায় কৃষ্ণলীলা জীবন্ত হয়ে ওঠে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয় ব্যবসায়ী সংগঠন, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব রূপ নেয় সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায়।