
(১ বছর আগে) ১৬ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৫৩ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার উত্তরা ব্যাংকের উপরতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল।
যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু ও সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি মনিটরিং কমিটির সদস্য অ্যাড. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন ফরহাদ, সহ-দপ্তর সম্পাদক অ্যাড. ফাইজুল করিম মবিন, জেলা কৃষকদলের সদস্য সচিব উবায়েদ উল্লাহ ওবায়েদ, জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক বাবু জীবন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু জহর লাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ প্রমুখ।
এ সময় উপজেলার বিএনপি ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. জালাল উদ্দিন তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর আমরা ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, তাই ত্যাগী নেতারা সবার আগে সদস্য নবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।