
(৮ মাস আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ১১:০৭ পূর্বাহ্ন
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে মনোনয়নপ্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, জনগণের বহু আকাঙ্খার নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে সদর থানার ৩১নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তুহিন আরও বলেন, ভোটাধিকার প্রয়োগ করার জন্য দেশের মানুষ ১৬ বছর ধরে অপেক্ষা করছে। অথচ ৭১ বিরোধীরা পিআর পদ্ধতিতে ভোট চাইছে। যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, ধানের শীষকে রুখতে পারবে না কেউ।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ১৫ হাজার নতুন ভোটার সংগ্রহের নির্দেশ দিয়ে বলেন, সাত দিনের মধ্যে এ লক্ষ্য পূরণ করতে হবে। নইলে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে।একই সঙ্গে তিনি নেতাকর্মীদের সালিশ-বিচারে না জড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩১নং ওয়ার্ড সভাপতি আফসার উদ্দিন মাস্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর ও জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির টিম প্রধান এ কে এম আবুল কালাম আজাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির, মহানগর যুবদল আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি, শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল, শাহিনুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
অন্যদিকে একই দিন সন্ধ্যায় দৌলতপুর থানা মহিলা দলের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি সালমা বেগম। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা।
সভায় আরও বক্তব্য দেন মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নারগিস আলী, রেহানা ঈসা, শেখ সাদী, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেনসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।