
(১১ মাস আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ১২:১৬ অপরাহ্ন
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় দুই বাসের প্রতিযোগিতায় তিশা ট্রান্সপোর্টের এক সুপারভাইজার নিহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের ডান পাশে তিশা প্লাস পরিবহন দাঁড়িয়ে ছিল। এসময় বাম দিক থেকে এশিয়া ট্রান্সপোর্টের একটি বাস বেপরোয়া গতিতে কাউন্টার থেকে বের হতে গিয়ে সুপারভাইজার সোহেল রানাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সোহেল রানা (৩২) কুমিল্লার বাঙ্গরা বাজার থানার খামার গ্রামের বাসিন্দা এবং কবির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবারটি চরম সংকটে পড়েছে।
দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এশিয়া ট্রান্সপোর্টের চালক অতিরিক্ত গতিতে ওভারটেকিং করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মরদেহ উদ্ধার করে। আমতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় প্রতিদিনই বেপরোয়া বাস চলাচল ও কাউন্টার বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনা ঘটছে। কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না।