
(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ৪:১৬ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, আমরা রাজনীতি করি ইসলামের জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তারা গাদ্দার।
আজ (রবিবার) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে সিলেট-৬ আসনে প্রার্থী পরিচিতি ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা আফেন্দী বলেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান। রাজনীতি মানে কেবল ক্ষমতায় যাওয়া নয়, ইসলামে রাজনীতির অর্থ হলো ধর্মীয় নীতি মেনে রাষ্ট্র পরিচালনা করা। অথচ আজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর স্থাপন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারের রাজনীতি দেখেছি। এবার আমরা সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তরুণ আলেম হাফিজ মুহাম্মদ ফখরুল ইসলামকে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনীত করেছি। খেজুর গাছ প্রতীকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এ এলাকার ব্যাপক উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
সমাবেশে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুল মতিন নাদিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমি ও গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ।
উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তের প্রধান উপদেষ্টা শায়খ জিয়া উদ্দীন। প্রধান বক্তা ছিলেন সিলেট-৬ আসনের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন
কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি ও মৌলভীবাজার-১ আসনের প্রার্থী অধ্যক্ষ বদরুল ইসলাম
কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতী মুজিবুর রহমান
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী
সিলেট জেলা জমিয়তের সহসভাপতি আলহাজ্ব শামসুদ্দিন
সিলেট জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বীর আহমদ
সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন
যুব জমিয়ত নেতা আব্বাস আল মাহমুদ, তোফায়েল আহমদ
ছাত্র জমিয়তের নেতা নাইম আহমদ ও জাহিদ আহমদ।
সমাবেশ শেষে বিয়ানীবাজার উপজেলা সদরে খেজুর গাছ প্রতীকের পক্ষে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।