
(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ৯:৫৩ অপরাহ্ন
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিরল প্রজাতির একটি তিলক পটকা মাছ বা সজারু মাছ ধরা পড়েছে জেলের জালে। মাছটির ওজন প্রায় সাড়ে তিন কেজি।
জেলে বেল্লাল মাঝি (৫০) জানান, গত শুক্রবার বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে এ অচেনা মাছটি জালে উঠে আসে। পরে রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় তিনি মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের কামাল ফিস আড়তে নিয়ে আসেন। তবে মাছটির চাহিদা না থাকায় তিনি সেটি আড়তের সামনে ফেলে রেখে যান।
স্থানীয়রা জানায়, এ ধরনের মাছ আগে কখনো এ এলাকায় ধরা পড়েনি। আড়তে আনার সঙ্গে সঙ্গে মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটি “সজারু পটকা” বা Porcupinefish (পরিবার: Diodontidae)। বাংলায় একে সজারু মাছ” বা কাঁটাওয়ালা ফোলকাও বলা হয়।
তিনি জানান, এদের শরীরে টেট্রোডোটক্সিন (Tetrodotoxin) নামক মারাত্মক বিষ থাকে, যা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। মাছের লিভার, ডিম্বাশয়, চামড়া ও অন্ত্রে বিষের পরিমাণ বেশি থাকে। সামান্য খেলেও অসাড়তা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, পক্ষাঘাত কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে। রান্না করেও এই বিষ নষ্ট হয় না।
কামাল ফিস আড়তের মালিক কামাল হোসেন বলেন,
জীবনে প্রথম এ ধরনের মাছ দেখলাম। দেখতে ফোলা আর কাঁটাওয়ালা, ভয়ংকর রকমের।