
(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১:০৩ পূর্বাহ্ন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পাশে বসিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিন পর সোমবার জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন ট্রাম্প। স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে হোয়াইট হাউসে পৌঁছালে জেলেনস্কিকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট।
পরে দুই প্রেসিডেন্ট যৌথভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এক সাংবাদিক যুদ্ধবিরতি ছাড়া শান্তি সম্ভব কি না—এমন প্রশ্ন করলে ট্রাম্প বলেন,“আমি মনে করি না যে, আপনার যুদ্ধবিরতি দরকার। এটা ভালো বিষয়, কিন্তু শান্তির জন্য এটা আবশ্যক নয়।”
তিনি আরও যোগ করেন, কৌশলগত কারণে কোনো পক্ষ যুদ্ধবিরতিতে যেতে নাও চাইতে পারে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ মন্তব্য শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনা উসকে দিতে পারে।