
(১১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:০০ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ নির্বাচনে ‘মব’ সৃষ্টি করে নেতা–কর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আবাসিক হলগুলোতে সব ছাত্রসংগঠনের জন্য সমান সুযোগ নেই বলেও দাবি করেছে সংগঠনটি।
আজ সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ছাত্রদল নেতারা। এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার আহ্বায়ক মালিহা বিনতে খান।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা জানান, মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় তারা ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে বলা হয়েছে-
‘চব্বিশের গণ–অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন। তবে সার্বিক পরিবেশ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে ছাত্রদল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী সংগঠনের নেতা–কর্মীদের যথানিয়মে মনোনয়ন ফরম সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।’
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হয়েছে। তাঁরা আবাসিক হলে সব সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।