
(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:০৩ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্রদলের দেওয়া অভিযোগকে ‘নির্বাচন বানচালের চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
সোমবার (১৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও ডাকসুর ভিপি প্রার্থী আবদুল কাদের লিখিত বক্তব্যে এ অভিযোগ তোলেন।
আবদুল কাদের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। অথচ ছাত্রদল ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে। এটি আসলে নির্বাচনী পরিবেশ নষ্ট করার কৌশল।”
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা শেষ হওয়ার পরও কয়েকজন প্রার্থী ফরম সংগ্রহের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। সেখানে আচরণবিধি ভঙ্গ হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। অথচ ছাত্রদল ওই শিক্ষার্থীদের প্রতিরোধকে ‘মব’ আখ্যা দিয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের হরণ বলে মনে করছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।
সংগঠনটির অভিযোগ, ছাত্রদলের এই বক্তব্য জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ধারা নষ্ট করার প্রচেষ্টা। ফজিলাতুন্নেছা হলে শিক্ষার্থীদের প্রতিরোধকে ‘লাঞ্ছনা’ আখ্যা দিয়ে উল্টো তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করা প্রহসনের শামিল।
গণতান্ত্রিক ছাত্রসংসদ দাবি করেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করে সব পক্ষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখতে হবে।