
(৮ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:৫১ পূর্বাহ্ন
বাগেরহাটের মোংলা উপজেলার চিহ্নিত আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান মোড়লকে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) চাঁদপাই ইউনিয়ন কমিটির যুগ্ম সমন্বয়কারীর পদে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বহাল তবিয়তে থাকা এ নেতা তার দীর্ঘদিনের অবৈধ মাদক ও জুয়ার কারবার টিকিয়ে রাখতে নতুন রাজনৈতিক দলে ভিড়েছেন। এমনকি মোটা অংকের অর্থের বিনিময়ে এনসিপির পদও পেয়েছেন বলে দাবি করছে স্থানীয় রাজনৈতিক মহল।
তবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ জানিয়েছেন পরিচয় গোপন করে কেউ যদি এনসিপির পদ নিয়ে থাকেন, তাকে দল থেকে বাদ দেওয়া হবে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে আমরা পুনর্বাসন করব না।
মতিয়ার রহমান মোড়ল বর্তমানে চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি কয়েক দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা এ ঘটনাকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বলে অভিযোগ করেছেন। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন বলেন, একজন আওয়ামী লীগ নেতাকে এনসিপিতে পদ দিয়ে আওয়ামী লীগকেই ফিরিয়ে আনা হচ্ছে।
জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদার বলেন, যদি এমন হয়ে থাকে তবে তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পৌর সম্পাদক সোহেল হাওলাদার বলেন, ছাত্র-জনতার রক্তের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদকে পুনর্বাসন করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
পৌর যুবদল নেতা বিএম ওয়াসিম আরমান অভিযোগ করে বলেন, লাখ টাকার বিনিময়ে মতিয়ার রহমান মোড়ল এনসিপিতে পদ নিয়েছেন।
এ বিষয়ে মতিয়ার রহমান মোড়ল বলেন, আমি এনসিপির কোনো কমিটিতে নেই। এরপর তিনি ফোন কেটে দেন।
এনসিপির মোংলা উপজেলা সমন্বয়কারী মৃধা মাজেদুল ইসলাম দাবি করেন, চাঁদপাই ইউনিয়নের কমিটি এখনও গঠন করা হয়নি। ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে।