banglahour

সড়ক অবরোধসহ সর্বদলীয় আন্দোলন ঘোষণা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট প্রতিনিধি

(৯ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:২২ অপরাহ্ন

বাগেরহাটের ৪টি সংসদীয় আসন কমিয়ে ৩টিতে নামিয়ে আনার প্রস্তাবের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম।

ঘোষিত কর্মসূচি

২১ আগস্ট (বৃহস্পতিবার): সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা–ঢাকা মহাসড়কের কাটাখালী থেকে নওয়াপাড়া পর্যন্ত অবরোধ।

২৪ আগস্ট (রোববার): সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা–ঢাকা মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালী, ফকিরহাট, মোল্লাহাট সেতু ও পিরোজপুর–বাগেরহাট মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ। একই সময়ে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে অবস্থান কর্মসূচি।

২৫ আগস্ট (সোমবার): ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান।

নেতাদের বক্তব্য

আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, “বাগেরহাটের ৪টি আসন বহাল রাখার বিষয়ে আমরা সব রাজনৈতিক দল একমত হয়েছি। প্রয়োজনে সবকিছু করব।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জানান, আসন কমানো হলে জেলার মানুষ বঞ্চিত হবে। ৪টি আসন বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এমনকি বাগেরহাটকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে।

জেলা জামায়াতের আমির ও সর্বদলীয় কমিটির সদস্য সচিব মাওলানা মোঃ রেজাউল করিম বলেন, স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে ৪টি আসন ছিল। এটি কমানোর প্রস্তাব একটি ষড়যন্ত্র। প্রস্তাব বাতিল না করলে কঠোর আন্দোলন করা হবে।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের আসন পুনর্বিন্যাস করে ৪টির মধ্যে ১টি কমিয়ে ৩টি করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই জেলার রাজনৈতিক দলগুলো একযোগে আন্দোলন শুরু করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল