banglahour

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (লাইন-১) প্রকল্পে ইউটিলিটি স্থানান্তর ও পানি সরবরাহ প্রকল্পের কাজে স্থবিরতা

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:৩৩ অপরাহ্ন

                                                   প্রেস বিজ্ঞপ্তি

বিষয়: ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) প্রকল্পের আওতায় প্রগতি সরণি ও বীর উত্তম রফিকুল ইসলাম সরণি বরাবর পাতাল মেট্রোরেল স্টেশনের ইউটিলিটি স্থানান্তর এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের পাইপ লাইন স্থাপনের কাজে স্থবিরতা

বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) বাস্তবায়িত হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১২ টি পাতাল স্টেশন বিশিষ্ট ১৯. ৮৭২ কিলোমিটার পাতাল মেট্রোরেল লাইন এবং নতুন বাজার হতে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ৭ টি উড়াল স্টেশনবিশিষ্ট ১১.৩৬৯ কিলোমিটার উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে। প্রকল্পটি ১২ টি বিভিন্ন প্যাকেজের আওতায় বাস্তবায়িত হবে। প্রকল্পের ১২ টি প্যাকেজের ৬ টি পূর্ত প্যাকেজের মধ্যে ৪ টি আন্ডারগ্রাউন্ড (কমলাপুর থেকে বিমানবন্দর) প্যাকেজ রয়েছে। ৪ টি আন্ডারগ্রাউন্ড প্যাকেজের মধ্যে ০৩ টি প্যাকেজের ঠিকাদার নিয়োগের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা যায়। প্রকল্পের ঋণ চুক্তির শর্ত মোতাবেক পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের পূর্বেই ইউটিলিটি স্থানান্তর সম্পন্ন করা আবশ্যক।

এমআরটি লাইন-১ প্রকল্পের আন্ডারগ্রাউন্ড অংশের ইউটিলিটি স্থানান্তরের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি কে “অর্পিত কাজ”হিসেবে বাস্তবায়নের জন্য নিয়োজিত করা হয়েছে এবং ইতোমধ্যে বিমানবন্দর, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ মেট্রো স্টেশনসমূহের ইউটিলিটি স্থানান্তর কাজ সম্পন্ন হয়েছে এবং নদ্দা স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নতুন বাজার স্টেশনের কাজ বর্তমানে চলমান আছে।

কিন্তু প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করার জন্য ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু করার জন্য গত এপ্রিল ২০২৫ এর প্রথম সপ্তাহ হতে চেষ্টা করা হলেও ডিএমপি (ট্রাফিক) কর্তৃক বিকল্প সড়কের চাহিদার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। ফলে গত এপ্রিল ২০২৫ হতে অদ্যাবধি উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর মেট্রো স্টেশনের ইউটিলিটি স্থানান্তর কাজ বন্ধ রয়েছে। এদিকে ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের পাইপ লাইন স্থাপনের কাজও বন্ধ রয়েছে বলে জানা যায়। উক্ত প্রকল্পের কাজ বন্ধ থাকায় এ বিষয়ে গত ৭ আগস্ট ২০২৫ তারিখে স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, পরিষেবা স্থানান্তর কাজ বিলম্বের কারণে প্রকল্পের বাস্তবায়নে বিলম্ব হলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পাবে। এদিকে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সাথে প্রাইস এসকেলেশনের কারণে প্রকল্পের ব্যয় বৃদ্ধির সম্পৃক্ততা রয়েছে। 

উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর মেট্রো স্টেশনসমূহে বিকল্প সড়ক নির্মাণ না করে ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু করতে না পারায় প্রকল্পের ইউটিলিটি স্থানান্তর কাজ স্থবির হয়ে রয়েছে বলে জানা যায়। বীর উত্তম রফিকুল ইসলাম সরণি বরাবর বিদ্যমান ট্রাফিক লেন সংখ্যা ০৬ টি। উত্তর বাড্ডা, বাড্ডা এবং আফতাবনগর মেট্রো স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের জন্য বিদ্যমান ০৬ লেন হতে ০৫ টি উন্মুক্ত রেখে ইউটিলিটি স্থানান্তর করার পরিকল্পনা করা হয়েছিল। প্রকল্পের আওতায় ইউটিলিটি স্থানান্তরকালীন বিকল্প সড়ক নির্মাণ করার সুযোগ না থাকায় উক্ত বিকল্প সড়ক নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে এমআরটি লাইন-১ কর্তৃপক্ষ এর তরফ হতে জানা যায়।

প্রকল্পের মূল কাজ শুরু করার পূর্বে প্রগতি সরণি এবং বীর উত্তম রফিকুল ইসলাম সরণি বরাবর চলাচলকারী কিছু যানবাহন পূর্বাচল ৩০০ ফিট সড়ক – বসুন্ধরা আবাসিক এলাকা – স্বদেশ প্রপার্ট্রিজ এলাকা – আফতাবনগর হাউজিং এলাকার মধ্য দিয়ে বিকল্প সড়কের অধিকাংশই বেসরকারী মালিকানাধীন এবং তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিষয়টি মূল কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মূল কাজের ঠিকাদার নিয়োগের পর অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প সড়ক নির্মাণ করে স্টেশনসমূহ নির্মাণ কাজ শুরু করা হবে।

পূর্ত প্যাকেজ সিপি-০৪ এর আওতায় নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর মেট্রো স্টেশনসমূহ নতুন বাজার হতে আফতাবনগর পর্যন্ত এমআরটি লাইন নির্মাণ করা হবে। উক্ত প্যাকেজের আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগের আর্থিক মূল্যায়ন চলমান আছে। ঠিকাদার নিয়োগের পূর্বে ইউটিলিটি স্থানান্তর কাজ সম্পাদন না করা হলে প্রকল্পের দাতা সংস্থা জাইকা কর্তৃক অনাপত্তি প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে এবং জাইকা কর্তৃক সম্মতি পাওয়া না গেলে ঠিকাদার নিয়োগে বিলম্ব হতে পারে।  এদিকে ২৪ ইসিবি কর্তৃক অবগত করা হয় যে, ২৪ ইসিবি কর্তৃক ইউটিলিটি স্থানান্তরের জন্য ঠিকাদার নিয়োগ করা হলেও ঠিকাদার কাজ বিহীন অলস বসে আছে। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রকল্পের  পরিষেবা স্থানান্তরের কাজ বন্ধ থাকায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। ফলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধিসহ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের পূর্বেই মেট্রো স্টেশনসমূহের ইউটিলিটি স্থানান্তরের কাজ সমাপ্ত করা অতি জরুরি।

প্রকল্পের বাস্তবায়ন কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে ঠিকাদার নিয়োগের পূর্বে ইউটিলিটি স্থানান্তর কাজ সম্পন্ন করা অতীব জরুরী বিধায় এ বিষয়ে ডিএমপি, সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের সার্বিক সহযোগিতা অপরিহার্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল