banglahour

চিরিরবন্দরে পানির স্রোত ও কচুরিপানার চাপে ভাঙল বাঁশের সাঁকো

সারাদেশ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(৯ মাস আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৯:৫০ অপরাহ্ন

দিনাজপুরের চিরিরবন্দরে ইছামতি নদীতে স্থানীয় উদ্যোগে নির্মিত হেদলের ঘাটের বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় শত শত মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা।

স্থানীয়রা জানান, তারকসাহার হাটের কাছে এ সাঁকোর পূর্বপ্রান্ত আলোকডিহি ইউনিয়নের মধ্য আলোকডিহি এবং পশ্চিমপ্রান্ত সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রাম। দুই ইউনিয়নের শত শত মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ছিল এ বাঁশের সাঁকো। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ সংগ্রহ ও অর্থ জোগাড় করে সাঁকোটি নির্মাণ করেছিলেন।

চলতি বর্ষায় নদীতে পানি বৃদ্ধি ও উজান থেকে আসা কচুরিপানা সাঁকোর নিচে আটকে গেলে স্রোতের তোড়ে আড়াইশ ফুট দীর্ঘ সাঁকোটি ভেঙে যায়। ফলে মানুষকে প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে কলেজ মোড় হয়ে বিকল্প সেতু ব্যবহার করতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে নদী সাঁতরে বা কলার ভেলা ব্যবহার করে পারাপার করছেন।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন, রহিদাস রায়, পুলিন চন্দ্র রায় ও সাতনালা ইউপি সদস্য আজিজার রহমান জানান, প্রতিদিনই এ সাঁকো দিয়ে মানুষ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে যাতায়াত করতেন। সাঁকো ভেঙে যাওয়ায় এসব কাজে মারাত্মক ভোগান্তি হচ্ছে।

সাতনালা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ বলেন, কচুরিপানা ও প্রবল স্রোতের চাপে সাঁকো ভেঙে গেছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল