
(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:১২ অপরাহ্ন
রাঙ্গামাটি পৌর এলাকায় ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে দুদক কর্মকর্তারা অভিযোগ ওঠা নিম্নমানের কাজ, কার্যাদেশ না মানা এবং টেন্ডার প্রক্রিয়া পর্যালোচনা করেন। এ সময় প্রকল্পসংক্রান্ত নথিপত্র তলব করা হয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া সংশ্লিষ্ট ফাইলপত্র দুদকের কর্মকর্তাদের দেখান। এ সময় সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, দুদকের উপ-সহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।