
(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৪:৩৬ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় নিখিল কর্মকার (৫০) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭–৮ জনের ডাকাতদল গভীর রাতে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে মারধর করে। এ সময় তারা ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। হামলায় নিখিল কর্মকার, তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিখিল কর্মকার জানান, ডাকাতরা তাকে অচেতন করে হাত-পা বেঁধে ফেলে এবং পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে সব কিছু নিয়ে যায়। এলাকায় বারবার ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।