
(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:২২ অপরাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় “মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদারের সভাপতিত্বে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও ইলিয়াস সিকদার বলেন, মৎস্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এ সম্পদের টেকসই উন্নয়নে প্রথমত আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে যুবসমাজকে মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে হবে। পুকুর ও জলাশয়ে মাছ চাষে গ্রামীণ জনগোষ্ঠীকে আগ্রহী করে তুলতে হবে। এ বিষয়ে জানতে হলে উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করা যেতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম আফ্রিদি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন খোকন, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক মো. শাহজাহান রেজা, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কর্মশালায় অংশ নেওয়া তরুণরা ছয়টি দলে বিভক্ত হয়ে মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পরে সেরা প্রস্তাবনা উপস্থাপনকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।