banglahour

কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ১০

সারাদেশ | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:২৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হিমেল মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছেন, এর মধ্যে একজন গুলিবিদ্ধ। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে এ সংঘর্ষ ঘটে।

নিহত হিমেল মিয়া বৌলাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও যুবদল নেতা আলী আব্বাস রাজনের খালাতো ভাই। আহত রাজিব মিয়া নিহত হিমেলের সহোদর বড় ভাই। আহতদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত ৫ আগস্টের পর থেকে একাধিক দফায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ঝগড়ার ঘটনা ঘটে। তারই জের ধরে শুক্রবার সকালে পুনরায় সংঘর্ষে জড়ায় তারা। এ সময় প্রতিপক্ষের হামলায় হিমেল গুরুতর আহত হয় এবং ময়মনসিংহে নেয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় রাজিব মিয়া গুলিবিদ্ধ হন।

বৌলাই ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, দুই গ্রুপের মধ্যে বিরোধ অনেকদিনের। আজকের সংঘর্ষে হিমেল নিহত হয়েছে বলে শুনেছি।

কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম জানান, “এমদাদ ও রাজন দুজনেই যুবদলের নেতা। আধিপত্য নিয়ে বিরোধের জেরেই আজকের সংঘর্ষ ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” তিনি জানান, ঘটনায় বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি কিছুক্ষণ আটকে রাখা হয়েছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল