
(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৪৯ পূর্বাহ্ন
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকায় নিজ বাড়ির তৃতীয় তলায় প্রতিপক্ষরা শেখ শামীম হোসেন (৩৬) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত শেখ শামীম হোসেন নিয়মিতভাবে বন্ধুদের নিয়ে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতেন। বৃহস্পতিবার রাতেও তিনি বাড়ির তৃতীয় তলায় বন্ধুদের সঙ্গে ছিলেন। রাতের কোনো এক পর্যায়ে হঠাৎ তার স্ত্রী ও মা চিৎকার শুনে দ্বিতীয় তলা থেকে উপরে গিয়ে দেখেন শামীমকে গলা কেটে ফেলা হয়েছে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, নিহত শামীম সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ডুমুরিয়ার ১৮ মাইল কলেজ রোড এলাকায় বাড়ি নির্মাণ করে স্ত্রী ও মাকে নিয়ে বসবাস শুরু করেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। কারা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং বাড়িতে আসা-যাওয়া করত সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।