banglahour

ইটনা ইউএনওর বাসভবনে হামলা মামলার আসামি ছাত্রদল নেতা গ্রেফতার

সারাদেশ | সোহেল চৌধুরী জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

শনিবার (২৩ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করে।

র‌্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে শতাধিক লোকজন ইউএনওর বাসভবনে হামলা চালায়। এ সময় বাসভবনের গেট ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং তাদের হত্যার হুমকিও দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়।

এ ঘটনায় পরদিন (১৪ আগস্ট) এক আনসার সদস্য বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০–৩০০ জনকে আসামি করে ইটনা থানায় মামলা (নম্বর-০২/২০২৫) দায়ের করেন।

মামলার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বনানী মোড় এলাকা থেকে মামলার ৪ নম্বর আসামি সুজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল