
(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ১:২১ অপরাহ্ন
অবসর গ্রহণের ১১ বছর পরও পেনশন না পাওয়ায় দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিরামপুর জনতা ব্যাংকের সাবেক জুনিয়র অফিসার আবু তাহের মণ্ডল।
রোববার (২৪ আগস্ট) সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৪ সালের ৪ এপ্রিল তিনি চাকরি থেকে অবসর নেন। অবসরের ১৪ মাস পর তার বিরুদ্ধে চাকরিবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়, যা তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।
আবু তাহের মণ্ডল বলেন, এ অভিযোগের বিরুদ্ধে তিনি বগুড়া মোকাম প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে ২০১৭ সালের ২২ আগস্ট আদালত তার পক্ষে রায় দেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করে। পরবর্তীতে ২০১৮ সালের ৮ অক্টোবর আপিল ট্রাইব্যুনালও তার পক্ষে রায় দেন। এরপরও ব্যাংক কর্তৃপক্ষ পুনরায় আপিল করে।
তিনি আরও জানান, ২০২২ সালের ডিসেম্বর মাসে তার পক্ষে শুনানি হলেও ব্যাংক কর্তৃপক্ষের পক্ষে এখনও শুনানি হয়নি। দীর্ঘ ১১ বছরেও ন্যায়বিচার না পাওয়ায় তিনি দ্রুত মামলা নিষ্পত্তি করে পেনশনের টাকা প্রদানের দাবি জানান।