
(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ২:৩০ অপরাহ্ন
পটুয়াখালীর বাউফলে ডাকাতিকালে জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। এ সময় গণপিটুনিতে উজ্জল (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাকাতদল ঘরে প্রবেশ করলে চিৎকারে এলাকাবাসী ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নেয়। তবে ভোরে থানায় উজ্জল মারা যায়। তার বাড়ি একই উপজেলার কনকদিয়া ইউনিয়নে। আটক অন্য ডাকাত রাজিবের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার সুবিধাখালী এলাকায়।
বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।