
(১১ মাস আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৪:৫৫ অপরাহ্ন
রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায় এই প্রথমবারের মতো আয়োজন করেছে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান তিজ উৎসব। সোমবার (২৫ আগস্ট) সকালে জেল রোডস্থ সুর নিকেতন সংগীত শিক্ষালয়ের মিলনায়তনে প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খার উদ্যোগে এ উৎসব উদযাপিত হয়।
তিজ উৎসবে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় উপবাস থেকে প্রদীপ জ্বালিয়ে শিব ও পার্বতীর পূজা করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা উপবাসে থেকে আরতি করেন এবং স্বামীর সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
মহিলারা লাল শাড়ি, মেহেদি ও অলংকারে সাজসজ্জা করে উৎসবে যোগ দেন।
পূজা-অর্চনার পর তারা দল বেঁধে ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশন করেন।
পরবর্তীতে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার রান্না করে সবার সাথে ভাগাভাগি করে খান।
ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে একে অপরের মঙ্গল কামনা করেন।
গুর্খা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত রীতি অনুযায়ী, তিজ উৎসবের সময় মহিলারা সাধারণত বাবার বাড়িতে এসে আনন্দ-উৎসবে অংশ নেন।
উল্লেখ্য, তিজ উৎসবের মূল শেকড় নেপালে, যেখানে বিবাহিত মহিলারা উপোস থেকে স্বামীর মঙ্গল কামনা করেন। ভারতের রাজস্থানে ‘গণগৌর’ নামে অনুরূপ একটি উৎসব পালিত হয়, যা দেবী পার্বতীকে উৎসর্গীকৃত।রাঙ্গামাটিতে এই আয়োজনকে ঘিরে গুর্খা সম্প্রদায়ের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।