banglahour

পাংশার দিশা মেডিকেয়ার হাসপাতাল ও চিকিৎসক ডা. সুমির বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৭:২৫ অপরাহ্ন

রাজবাড়ীর পাংশা উপজেলার দিশা মেডিকেয়ার হাসপাতাল ও গাইনি বিশেষজ্ঞ ডা. আনজুয়ারা সুমির বিরুদ্ধে গুরুতর চিকিৎসা অবহেলা ও অপচিকিৎসার অভিযোগ তুলেছেন রোগীর স্বজনরা।

বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মো. মকবুল মণ্ডলের ছেলে মো. ইব্রাহিম সুলতান সোমবার (২৫ আগস্ট) জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে তিনি জানান, তার বোন ফাতেমা খাতুন (১৮) গত ১৬ জুলাই প্রসব বেদনা নিয়ে পাংশার দিশা মেডিকেয়ারে ভর্তি হন। ডা. আনজুয়ারা সুমি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করান। কয়েকদিন পর ছাড়পত্র দেওয়া হলেও ২০ দিন পর ফাতেমা তীব্র ব্যথা ও রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সিজারের সময় গর্ভাশয়ের ভিতরের ‘ফুল’ সম্পূর্ণ অপসারণ করা হয়নি। এতে সংক্রমণ ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। একের পর এক হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও বর্তমানে ফাতেমা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ ঘটনায় পরিবারের প্রায় এক লাখ টাকা ব্যয় হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ইব্রাহিম সুলতান বলেন, চিকিৎসা অবহেলায় আমার বোন মৃত্যুশয্যায়। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক দায়িত্ব অস্বীকার করেছেন। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে ডা. আনজুয়ারা সুমির কাছে জানতে চাইলে তিনি অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে মন্তব্য করেন।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. এসএম মাসুদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল