banglahour

ভূঞাপুরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধার: বিপাকে চার কর্মকর্তা

সারাদেশ | টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৯:২৩ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ছালেহা বেগম (৫৭) ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগে গত বছর (১১ আগস্ট ২০২৪) এলাকাবাসীর পক্ষ থেকে টাঙ্গাইলের পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, এলাকায় হেরোইন, ফেনসিডিল ও ইয়াবা বিক্রির কারণে কিশোর-কিশোরীসহ যুবসমাজ সহজেই মাদকের চক্রে জড়িয়ে পড়ছে, যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে ৮-১০ সদস্যের একটি টিম ভূঞাপুর উপজেলার বাহাদীপুর গ্রামের ছালেহা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের বাড়ি থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায়, ছালেহা বেগম নিজেই মাদক উদ্ধারের বিষয়টি স্বীকার করেন এবং তল্লাশির সময় কিছু খোয়া যায়নি বলেও উল্লেখ করেন।

কিন্তু অভিযানের এক সপ্তাহ পর তিনি অভিযোগ করেন, ঘর তল্লাশির নামে কর্মকর্তারা আলমারি, শোকেস ও ড্রয়ার ভেঙে তার ও তার ছেলের জমানো ৮ লাখ ৪৬ হাজার টাকা নিয়েছে। তিনি আরও দাবি করেন, তিন ঘণ্টার তল্লাশির পর মাত্র ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখানো হয়েছে এবং জোরপূর্বক মিথ্যা জবানবন্দি ভিডিও করা হয়েছে।

পরবর্তীতে ২ জুলাই তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেন। তদন্ত শেষে জেলা পরিদর্শক সিরাজুল ইসলামসহ চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। গত ৭ জুলাই রাতে অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ স্বাক্ষরিত অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

তবে নতুন তথ্যের ভিত্তিতে দেখা যায়, অভিযোগকারী ছালেহা বেগম অভিযুক্ত কর্মকর্তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন বলে অভিযোগ ওঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ে তিনি বলেছেন, ১০ লাখ টাকা দিলে অভিযোগ প্রত্যাহার করবেন।

এলাকাবাসীর দাবি, ছালেহা বেগমের ছেলে রনি দীর্ঘদিন ধরে তার মামা দুলাল চকদারের প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালাচ্ছেন। তারা বলেন, ছালেহার বাড়িতে মাদক পাওয়া গেছে এটি সত্য। তবে টাকা খোয়ার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্টো কর্মকর্তাদের ফাঁসানোর চেষ্টা চলছে। মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ ভয়ের কারণে অনেকে মুখ খুলতে পারছেন না।

অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, আমরা সেদিন শুধুমাত্র ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছি, যা এলাকাবাসীর সামনে প্রমাণিত। কিন্তু আমাদের হেয় প্রতিপন্ন করতে এবং তার ছেলে রনিকে মাদক মামলা থেকে বাঁচাতে ছালেহা বেগম মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল