
(৮ মাস আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:০৪ অপরাহ্ন
কিশোরগঞ্জ: ১২ বছর ধরে শিকলবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটানো মানসিক ভারসাম্যহীন দুই ভাই-বোনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম। দরিদ্র পিতা ফজলু মিয়া তার সন্তানদের চিকিৎসা করাতে না পারায় বাধ্য হয়েই দীর্ঘদিন শিকলে বেঁধে রাখতেন তাদের।
কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গণেরগাঁও গ্রামের বাসিন্দা ফজলু মিয়ার সন্তান আছমা খাতুন (২৮) ও জাহাঙ্গীর (২৫) মানসিক রোগে আক্রান্ত। তাদের অসংলগ্ন আচরণে বিপাকে পড়ে পরিবার বাধ্য হয়ে শিকলবন্দী করে রাখতো।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাদের শিকল মুক্ত করে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। একইসাথে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাদের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের।
স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র দিনমজুর ফজলু মিয়ার চার মেয়ে ও এক ছেলের মধ্যে আছমা ও জাহাঙ্গীর মানসিক ভারসাম্যহীন। দিনে তিনবেলা খাবার জোগাড় করতেই হিমশিম খাওয়া পরিবারটির পক্ষে তাদের চিকিৎসা করানো সম্ভব ছিল না। অসুস্থ সন্তানের নিরাপত্তা ও সমাজের আতঙ্কের কথা চিন্তা করে বাধ্য হয়ে দীর্ঘদিন শিকলবন্দী করে রেখেছিলেন তারা।
ইউএনও মাইদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পরই আমি সেখানে ছুটে যাই। তাদের অবস্থা দেখে তাৎক্ষণিক চিকিৎসা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করি। ঢাকার মানসিক হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। সরকার ও প্রশাসন সবসময় জনগণের পাশে আছে।
স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।