
(৮ মাস আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:০৭ অপরাহ্ন
বাগেরহাট: সুন্দরবনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন সাগর (৪৫), তার বাড়ি বাগেরহাট জেলার মোংলায়।
মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন—ডাকাত করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান নিচ্ছে। এরপর সকাল ৬টায় কোস্ট গার্ডের একটি টহল দল অভিযান চালায়।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ সাগরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে করিম-শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে সহায়তা করতেন এবং অস্ত্র, গুলি ও রসদ সরবরাহ করতেন।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গুলি আইনানুগ ব্যবস্থার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।