
(৮ মাস আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৩২ অপরাহ্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের জন্য মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান সবুজ।
ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং প্রফেসর মোঃ আবুল বাশার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ মোঃ আবদুল লতিফ।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মহসীন হোসেন খান, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাংগীর কবির সরকার, ল এ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মোঃ নিজামউদ্দিন, প্রক্টর আবুল বাশার নিউটন, অভিভাবক মোসাঃ নাসরিন নাহার, খন্দকার তারেক আমানুল্লাহ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আজকের অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় দিন। এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দেশ-বিদেশে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তোমরা মেধার স্বাক্ষর রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। তোমাদের পথচলা গাইড নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতা এখন বিশ্বজনীন, তাই তোমাদের নিজেদেরকে বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে হবে।তিনি শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আহবান জানান।