banglahour

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি কর্মকর্তার যোগসাজসে সার পাচারের অভিযোগ, ব্যবসায়ীসহ দুইজনের বিরুদ্ধে তদন্ত দাবি

সারাদেশ | ঝিনাইদহ প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৪৪ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে এক উপসহকারী কৃষি কর্মকর্তার যোগসাজসে সরকারি রবাদ্দের সার পাচারের অভিযোগ উঠেছে বিসিআইসি অনুমোদিত ডিলার মেসার্স রিফাত এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

ঘটনা মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রায়গ্রাম ইউনিয়নে ঘটে। জানা গেছে, মেসার্স রিফাত এন্টারপ্রাইজ নিজ গোডাউন থেকে উচ্চমূল্যে ইউরিয়া সার অন্যত্র বিক্রি করছিল। ইউরিয়া সার নিয়ে আলম সাধু নামের একটি গাড়ি রওনা দিলে স্থানীয়রা গাড়িটি জব্দ করে উপসহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া মোহনের কাছে বুঝিয়ে দেয়।

জাকারিয়া মোহন উপস্থিত হয়ে সবাইকে আশ্বস্ত করে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন এবং কিছুক্ষণ পর গাড়িটি ছেড়ে দেন। ওই সময়ের সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। পরে গণমাধ্যম কর্মীরা কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে বলেন, আমি চা খেতে গিয়েছিলাম, এসে দেখি গাড়ি নেই। যখন প্রশ্ন করা হয়, আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি বলেন, ফোনে টাকা ছিল না, তাই জানাতে পারিনি।

এর আগে ১৯ আগস্ট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে সার পাচারের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই উপসহকারী কৃষি কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটের ৭ নং রায়গ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুর আস্থাভাজন। তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সুযোগ-সুবিধা ও সরকারি বীজ, সার ও অনুদানের অর্থ আত্মসাৎ করতেন। সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে নিশ্চুপ ভূমিকা পালন করছে বলে অভিযোগ রয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া বলেন, মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে পূর্বেও অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে। আজকের ঘটনাটি যদি সত্য হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের কোনো সুযোগ নেই।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠি চন্দ্র রায় বলেন, এ ব্যাপারে আমি এখনই শুনলাম, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল