
(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৯:৫০ অপরাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ এবং এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
গ্রেফতারকৃতরা হলেন— ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোজাহার হাওলাদারের ছেলে রিকশাচালক মো. জাহিদ (৪০) এবং মৃত আশরাফ আলীর ছেলে তথাকথিত সাংবাদিক মো. জিয়াউল ইসলাম জিহাদ (৩২)।
পুলিশ সুপার জানান, সোমবার রাত ৩টার দিকে ভান্ডারিয়া থানার হাসপাতাল মোড়ে একটি দোকানের সামনে বেঞ্চের ওপর মানসিক ভারসাম্যহীন নারীকে জোরপূর্বক ধর্ষণ করে জাহিদ। এ সময় জিয়াউল ইসলাম জিহাদ ঘটনাস্থলে উপস্থিত থেকেও বাধা না দিয়ে পুরো ঘটনা ভিডিও করে।
পরবর্তীতে জিহাদ ওই ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে জাহিদের কাছে অর্থ দাবি করে। টাকা না পেয়ে সে নিজেই তার ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করে। এ সময় বিষয়টি পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে দুজনকেই গ্রেফতার করা হয়।
এসপি আবু নাসের আরও জানান, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে পুলিশ সদর দফতর ও বিটিআরসির সহযোগিতা নেওয়া হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।