
(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৯:৫৬ অপরাহ্ন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শংকর বেপারী (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ৩৪০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে উঠে চার ঘণ্টা দাঁড়িয়ে থাকায় গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনা এড়াতে উপজেলা বিদ্যুৎ বিভাগ সঞ্চালন লাইন বন্ধ করে দেয়। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা শেষে ওই ব্যক্তিকে নামিয়ে আনতে সক্ষম হন। এরপর প্রায় চার ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়।
স্থানীয়রা জানান, স্বরূপকাঠি পৌরসভার সেনা ক্যাম্প সংলগ্ন সন্ধ্যা নদীর দুই পাড়ে বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের জন্য দুটি উঁচু টাওয়ার স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে শংকর বেপারী সেখানে গিয়ে সবার অগোচরে একটি টাওয়ারে উঠে পড়েন। তাকে নামতে বললে তিনি উল্টো আরও ওপরে চূড়ায় উঠে যান।
নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জানে আলম বলেন, দুর্ঘটনা এড়াতে আমরা প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখি। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে নিরাপদে নামিয়ে আনে এবং বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়।