
(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:০২ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল-মামুন অভিযোগ করেছেন, বিএনপি নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আদালতের বক্তব্য বিকৃত করে প্রচার করেছেন, যা আদালত অবমাননার শামিল।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ব্যারিস্টার মামুন বলেন, ২৪ আগস্ট নির্বাচন কমিশনের আসন পুনঃনির্ধারণ সংক্রান্ত আপিল শুনানিতে দাউদকান্দি, হোমনা, মেঘনা ও তিতাস আসন নিয়ে আলোচনা হয়। সেখানে সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন। কিন্তু পরদিন ২৫ আগস্ট কুমিল্লা টাউন হলে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি ওই বক্তব্য বিকৃতভাবে তুলে ধরে বলেন, ব্যারিস্টার আল-মামুন আওয়ামী লীগের সুবিধাভোগী।
তিনি অভিযোগ করেন, “সেলিম ভূঁইয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের কিছু নেতার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছেন। অথচ শুনানির সম্পূর্ণ ভিডিও প্রমাণ হিসেবে রয়েছে, যেখানে তার বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
ব্যারিস্টার মামুন আরও বলেন, আমি ১৯৭২ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হই। সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ছিলাম এবং ২০০১ সালে বিএনপির মনোনয়নও পেয়েছিলাম। জিয়াউর রহমানের পরিবারের সঙ্গেও আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
তিনি জানান, আগামী নির্বাচনে তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হুমায়ুন কবির খান, এডভোকেট মফিজুর ইসলাম, এডভোকেট ফারুক আহম্মেদ, এনায়েত করিম, মাহবুবর রহমান দিদার, আবু ইউছুফ বাবু, খোরশেদ আলম লাভলু, কিরণ মুন্সী, মোস্তফা জামান, এমরান হোসেন মাস্টার, আবরামুল ইসলাম, হাসান ভূঁইয়া, শামীম আল মামুন, নাছির উদ্দিন ভূঁইয়া, আবুল বাশার, মতিউর রহমানসহ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।