banglahour

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ১১:২৩ পূর্বাহ্ন

কুমিল্লা–সিলেট মহাসড়ককে দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীত করার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী কুমিল্লার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয়টি পয়েন্টে মহাসড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কটি খানাখন্দে ভরপুর থাকলেও সংস্কার করা হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংকীর্ণ ও ভাঙাচোরা সড়কের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ও অঙ্গহানির মতো দুর্ঘটনায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করার দাবি জানান।

দেবপুর এলাকায় বিক্ষোভে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম, হারুনুর রশিদ মেম্বারসহ অনেকে।

এ সময় মহাসড়কের দেবপুর এলাকায় এসে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা–সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তসাপেক্ষ। তবে সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে বলে আশা করছি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল