
(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৭:২৩ অপরাহ্ন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৪টি অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তার চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫৪টি অসহায় পরিবারকে প্রতি পরিবারে ১ বান্ডিল করে ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তা বাবদ মোট ২ লাখ ৫৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাষ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ সহায়তা তাদের ঘর মেরামতে বিশেষ কাজে আসবে।