banglahour

শেখ হাসিনাকে জামাই আদরে রাখলেও বাংলাভাষী মুসলিমদের বের করে দেওয়া হচ্ছে: রিজভী

রাজনীতি | জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৮ পূর্বাহ্ন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে বাংলাভাষী মুসলমানদের বের করে দেওয়া হচ্ছে, অথচ শেখ হাসিনাকে তারা জামাই আদরে রাখছে। শেখ হাসিনা দিল্লী সরকারের দ্বিচারিতার প্রতীক হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট এক ভয়ংকর দানবের পতন ঘটলেও জাতীয় রাজনীতি এখনো স্থিতিশীল হয়নি। বিএনপি শত শত নেতা-কর্মীর খুন, গুম ও নির্যাতনের শিকার হয়ে জুলাই আন্দোলনের মাঠ তৈরি করেছে। অথচ অনেকে আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে দাবি করছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল এখন পিআর পদ্ধতি নিয়ে মামার বাড়ির আবদার করছে। ভারত বা ইংল্যান্ডেও তো পিআর চালু হয়নি। জনগণ যাদের সুখে-দুঃখে পাশে পেয়েছে, তারাই জনগণের ভোট পাবে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের লোকজন ১৬টি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদ ও সচিবালয় দখল করে রেখেছে। তারা মনে করে, বিএনপি ক্ষমতায় এলে তাদের সব শেষ হয়ে যাবে। এ কারণেই শেখ হাসিনা দেশে না থেকেও বিদেশ থেকে টাকা নিয়ে অন্তর্ঘাত ও নাশকতার পরিকল্পনা করছেন।

নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, যারা শেখ হাসিনার আমলে ঘরে বসে ছিলেন, এখন তারাই দলে প্রভাব বিস্তার করতে চাইছেন। কিন্তু সংগ্রাম করে যারা নির্যাতন সহ্য করেছে, তারাই দলের প্রকৃত শক্তি।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ঐক্যবদ্ধ থাকলেই বিএনপির হাত শক্তিশালী হবে। কঠিন লড়াইয়ের জন্য তিনি সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, জেলা সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল