
(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩১ অপরাহ্ন
খুলনার ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিনের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাইপাস সড়কের মোস্তার মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, স্বাধীনভাবে নির্বাচিত হওয়ার পর ষড়যন্ত্রমূলকভাবে একটি মামলায় তুহিনুল ইসলামকে আসামি করা হয়। তিনি জামিন নিয়ে পরিষদে গেলে কুচক্রী মহলের প্রভাবে তার পদ স্থগিত করা হয়।
তাদের দাবি, চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।
ইউনিয়নের ১২ জন ইউপি সদস্যের মধ্যে ৮ জন ইতোমধ্যে খুলনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়ে চেয়ারম্যানকে স্বপদে বহালের দাবি জানিয়েছেন। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি বলে জানান তারা।