
(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ২:০৩ অপরাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে এবং জনগণের কাছে ৩১ দফার সুফল তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার রাত ১০টায় গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনায় খোরশেদ আলমের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক এনামুল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি তানজিম আহাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
ফয়সল চৌধুরী আরও বলেন, বিএনপির শেকড় এ দেশের মাটির গভীরে। ফ্যাসিস্ট হাসিনার পতনে ছাত্র-জনতার ত্যাগ অপরিসীম। তবে জাতীয়তাবাদী শক্তির অবদানও কোনো অংশে কম নয়।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।