
(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৪৪ অপরাহ্ন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শরীফুল ইসলাম (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফুল ইসলাম বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত মকুল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক শরীফুল ইসলাম নিহত হন। ট্রাকের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।
খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে সড়ক চলাচল স্বাভাবিক করে।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগিব তৌহিদ বলেন, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।