
(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৩:১৯ অপরাহ্ন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শহরসংলগ্ন কাকিলামারি গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটির ইট উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তায় পানি জমে এখন সেটি ছোট ছোট খাল ও গর্তে পরিণত হয়েছে। এতে রিকশা-ভ্যান তো দূরের কথা, হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, বহুদিন ধরে এ সড়ক সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জরুরি প্রয়োজনে রোগী বহন কিংবা কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অতিদ্রুত সড়ক সংস্কার ও টেকসই উন্নয়নের উদ্যোগ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি জোর দাবি জানিয়েছেন কাকিলামারি গ্রামের মানুষ।