
(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ৪:২১ অপরাহ্ন
বাগেরহাটের মোংলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংশোধিত ২০২৩ সালের ১১ এর (গ) ধারায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওমর ফিরোজ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সকালে মাধবি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওমর ফিরোজ মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাস্টার পদে কর্মরত এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, গত ১৩ এপ্রিল আসামি ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ আদালতে মামলা করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগকারী স্ত্রী রায়হানা শারমিন বলেন, ২০১২ সালে বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। একপর্যায়ে আমার বাবা সিদ্দিকুর রহমান টাকা খরচ করে তাকে বন্দর কর্তৃপক্ষে চাকরি দেন। তারপরও নির্যাতন বন্ধ হয়নি। তাই বাধ্য হয়ে মামলা দায়ের করি।