banglahour

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

সারাদেশ | নিউজ ডেস্ক

(১১ মাস আগে) ৩১ আগস্ট ২০২৫, রবিবার, ১০:৫৭ অপরাহ্ন

মোংলা, ৩১ আগস্ট ২০২৫: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ শনিবার (৩০ আগস্ট) নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় ট্রলারটি শনাক্ত করে। র‌্যাডারের মাধ্যমে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর নৌবাহিনীর জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে তারা টানা দুইদিন গভীর সমুদ্রে ভাসছিলেন এবং খাদ্য ও পানির অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। নৌবাহিনী সদস্যরা তাদের উদ্ধার করে খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।

জানা গেছে, ‘এফবি মায়ের দোয়া’ নামের ওই ট্রলারটি গত ১৫ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মাঝেও নৌবাহিনী ট্রলারটিকে টেনে নিরাপদে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রমের জন্য ‘বিসিজিএস আত্রাই’-এর কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, সমুদ্রসম্পদের সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে আসছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল