banglahour

উৎসবমুখর পরিবেশে বরগুনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | মোঃ সানাউল্লাহ, বরগুনা প্রতিনিধি

(৮ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১:২০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন করেছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌরমার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি। সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. সফিকুজ্জামান মাহফুজ, এস. এম. হুমায়ূন হাসান শাহীন, অ্যাডভোকেট মো. রেজবুল কবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম মণি বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে।

সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র রক্ষা ও স্বৈরাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল