banglahour

এবার ৬ দফা দাবি আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:১০ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হলে ভ্যাকেন্টের নির্দেশ প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো:
১. দুপুর ২টার মধ্যে অবৈধভাবে দেওয়া হলে ভ্যাকেন্টের নির্দেশ প্রত্যাহার করতে হবে।
২. হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা অব্যাহত রাখতে হবে।
৩. শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।
৪. বহিরাগত দিয়ে হামলা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৫. হামলার সঙ্গে জড়িত শিক্ষক ও বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৬. দীর্ঘদিনের দাবি অনুযায়ী অবিলম্বে একক কম্বাইন্ড ডিগ্রি প্রদান করতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এজেডএম এহসানুল হক হিমেল বলেন, “দাবি মানা না হলে পুরো বাকৃবি লকডাউন ও ব্ল্যাকআউট করা হবে।

এর আগে সকালে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে এসে কে.আর মার্কেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা রাজপথ ছাড়বো না, এক পেশায় এক ডিগ্রি চাই সহ নানা স্লোগান দেন।

গতকাল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে তিন ধরনের ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মিলনায়তনে উপাচার্যসহ আড়াই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে বহিরাগতদের হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর হয়।

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। তবে বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল