
(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪৫ পূর্বাহ্ন
ভোট গণনার সময় হট্টগোল ও হাতাহাতি: নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ।
পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল পরবর্তী দ্বিতীয় অধিবেশনে ভোট গণনার সময় হট্টগোল, ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ নির্বাচনের ফলাফল ঘোষণা না করেই সম্মেলন স্থল ত্যাগ করেন।
মঙ্গলবার (২ আগস্ট) রাতে শহরের শিল্পকলা একাডেমীতে ব্যালট বাক্স ছিনতাই সহ এ সব ঘটনা ঘটে।
ভোট গণনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিরা জানান, প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনে বিকেলে সুষ্ঠভাবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরদের মধ্যে ৪৮২ জন ভোট প্রদান করেন। এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনার এক পর্যায়ে সেখানে উপস্থিত কিছু ব্যক্তি হট্টগোল শুরু করে। এরপর শুরু হয় হাতাহাতি ও ভাঙচুর এবং তা ছড়িয়ে পরে পুরো অডিটরিয়াম জুড়ে। এ সময় কিছু যুবক ভোট দেওয়া ব্যালটবাক্স ছিনতাই করে নিয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় নির্বাচনের ফলাফল ঘোষণা।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপি'র কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।
উল্লেখ্য, পিরোজপুর জেলা বিএনপি'র সম্মেলনকে
সামনে রেখে গত প্রায় তিন - চার মাস ধরে জেলার ওয়ার্ড পর্যায়ে থেকে বিভিন্ন ইউনিটের সম্মেলন চলছিল।তবে প্রাথমিক ফরম বিতরণসহ শুরু থেকেই বিভিন্ন ইউনিটের সম্মেলন নিয়ে নানারকম বিতর্ক চলছিল।ত্যাগীদের অভিযোগ, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ, জামায়াতপন্থী ও হাইব্রিডদের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া হচ্ছে।এছাড়া টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ ও করেন তারা।