
(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:২৫ অপরাহ্ন
মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট
উপকূলীয় জেলা বাগেরহাট যুগ যুগ ধরে দেশের নারকেল উৎপাদনের সিংহভাগ জোগান দিয়ে আসছে। দক্ষিণাঞ্চলের এই জেলাকে একসময় বলা হতো “নারকেলের রাজধানী”। ঘরে ঘরে নারকেল গাছ, বাজারে অফুরন্ত সরবরাহ এবং লাভজনক ব্যবসাকে ঘিরে গড়ে উঠেছিল নারকেল নির্ভর শিল্প। কিন্তু এখন সেই ঐতিহ্য ভেঙে পড়েছে। সাদা মাছির আক্রমণে নারকেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, বন্ধ হয়ে গেছে অসংখ্য কোকোনাট অয়েল মিল।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, খুলনা, সাতক্ষীরা ও নড়াইলসহ চার জেলায় প্রায় ২০ লাখ নারকেল গাছ রয়েছে। এর মধ্যে এককভাবে বাগেরহাটে রয়েছে ১০ লাখেরও বেশি। একসময় এখানকার নারকেল শুধু স্থানীয় চাহিদা পূরণ করত না, দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হতো। কিন্তু ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর থেকে সাদা মাছি বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ নারকেল গাছে ভয়াবহ প্রভাব ফেলতে শুরু করে।
এই পোকার কারণে গাছ দুর্বল হয়ে পড়ে, ফলন মারাত্মকভাবে কমে যায় এবং দীর্ঘ আক্রমণে গাছ মারা যায়। বর্তমানে নারকেল উৎপাদন এক দশকের ব্যবধানে অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে।
জেলা সদর, কচুয়া, ফকিরহাট, চিতলমারী, শরণখোলা, মোরেলগঞ্জ ও রামপালের গ্রামগুলোতে দেখা গেছে—নারকেল গাছের পাতা ও ফলে কালো আবরণ। কৃষকরা জানাচ্ছেন, আগের তুলনায় উৎপাদন এখন মাত্র ১০ ভাগের এক ভাগে নেমে এসেছে।
রহিমাবাদ গ্রামের ব্যবসায়ী বাদল বেগ বলেন,
“আমাদের হাজারো নারকেল গাছ থাকলেও এখন আর উৎপাদন নেই বললেই চলে।”
গৃহিনী সুফিয়া বেগমের অভিমত,
“আগে প্রতি মৌসুমে উঠানে নারকেল স্তূপ করা যেত। এখন বাজার থেকে ১০০ টাকা দিয়ে একটি নারকেল কিনতেও কষ্ট হয়। ফলে পিঠা-পায়েসের মতো ঐতিহ্যবাহী খাবার অনেক বাড়িতে বিলুপ্ত হয়ে যাচ্ছে।”
ব্যবসায়ীরা বলছেন, এক লিটার নারকেল তেল উৎপাদনে এখন প্রায় ১৪০০ টাকার খরচ হয়। দাম বেশি হওয়ায় ক্রেতা কমেছে, ফলে অনেক অয়েল মিল বন্ধ হয়ে গেছে।
বাগেরহাট বিসিকের উপ-ব্যবস্থাপক শরিফ সরদার জানান, আগে নারকেল নির্ভর অনেক কোকোনাট অয়েল মিল চালু ছিল, যেখানে হাজারো মানুষ কাজ করত। এখন মাত্র ১৮টি মিল টিকে আছে, তাও অর্ডার পেলে চালু করা হয়। তিনি বলেন,
“প্রাকৃতিক দুর্যোগ, সাদা মাছির আক্রমণ এবং অপরিপক্ব ডাব বিক্রি—এই তিন কারণে নারকেল উৎপাদন ধস নেমেছে।”
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন জানান,
“গত বছরে ৩ হাজার ৬৫৪ হেক্টর জমিতে মাত্র ৩৩ হাজার ৪৫০ মেট্রিক টন নারকেল উৎপাদন হয়েছে। এটি আগের তুলনায় অর্ধেকেরও কম।”
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় নারকেল উৎপাদন টিকিয়ে রাখতে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় চাষিদের প্রশিক্ষণ, সরঞ্জাম বিতরণ এবং গাছের পরিচর্যা বিষয়ে নানা উদ্যোগ নেয়া হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সাদা মাছি দমনে সমন্বিত বালাই দমন ব্যবস্থার পরামর্শ দিয়েছেন। তবে এর কার্যকর গাইডলাইন এখনো প্রকাশিত হয়নি। কৃষকরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের নারকেল শিল্প পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।