
(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৩১ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রীনগর বাইপাস রোডের বাগানবাড়িতে উপজেলা জাসাসের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে শ্রীনগর উপজেলার শতাধিক মানুষ চক্ষু সমস্যার চিকিৎসা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে আধুনিক চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না। বিএনপির একমাত্র লক্ষ্য জনগণের কল্যাণ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিবিরের সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা জাসাসের আহ্বায়ক শফিউল আলম খান আজম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আলী খান সাগর।