
(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:১৪ অপরাহ্ন
খুলনার ডাকবাংলা মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল চলাকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
খুলনায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে আবারও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু ও অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর ফেরিঘাট মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে পৌঁছালে উত্তেজিত নেতাকর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের সাইনবোর্ড, গেটের গ্রিল ও বৈদ্যুতিক লাইট ভাঙচুর করে।
পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ফেরিঘাট মোড়ে গিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে।
প্রসঙ্গত, গত ৩০ আগস্টও গণঅধিকার পরিষদের এক বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছিল। তখন পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষে একাধিক নেতাকর্মী আহত হন।