banglahour

টাঙ্গাইলে একসঙ্গে চার নবজাতকের জন্ম, মা-সন্তান সুস্থ

সারাদেশ | আতিফ রাসেল, প্রতিনিধি, টাঙ্গাইল।

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৪ অপরাহ্ন

টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক

 

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। বর্তমানে মা ও সন্তান সবাই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হওয়ার পর স্বাভাবিক প্রসবের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। অকালপ্রসূত হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন মাত্র এক কেজির মতো।

বিথী কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

পরিবারের প্রতিক্রিয়া

বিথীর বাবা বাদল মিয়া বলেন, “মেয়ের গর্ভাবস্থার খবর জানার পর আমরা বিশেষ যত্নে রেখেছিলাম। আল্ট্রাসনোগ্রামে তিনটি সন্তান হওয়ার কথা জানা গেলেও হাসপাতালে চার নবজাতকের জন্মের খবর পেয়ে আমরা সবাই অবাক হয়ে যাই। তারপরও আমরা আনন্দিত। মা ও সন্তানদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

চিকিৎসকের মতামত

কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমা আক্তার জানান, বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (NICU) চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “সাধারণত ৩৬ সপ্তাহে স্বাভাবিক ডেলিভারি হয়ে থাকে। কিন্তু বিথী ২৯ সপ্তাহেই চার নবজাতকের জন্ম দিয়েছেন। প্রতিটি শিশুর ওজন প্রায় এক কেজি। বর্তমানে মা ও সন্তানরা চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।” 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল