
(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৩ অপরাহ্ন
কলাপাড়ার বেতমোর গ্রাম থেকে উদ্ধারকৃত আহত বিরল প্রজাতির সজারু
পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির গুরুতর আহত একটি সজারু উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। উদ্ধারকৃত প্রাপ্তবয়স্ক সজারুটির দৈর্ঘ্য প্রায় দুই ফুট ও ওজন সাত কেজি।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে সজারুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা সজারুটিকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে এনিমেল লাভারস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
সংগঠনটির সদস্যরা জানান, আহত সজারুটি সুস্থ হয়ে উঠলে তাকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক বলেন, “বিপদগ্রস্থ বন্যপ্রাণী উদ্ধারে এনিমেল লাভারস অফ পটুয়াখালীকে সব সময় সহযোগিতা করা হচ্ছে। সজারুটিকে চিকিৎসা শেষে উন্মুক্ত বনে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী নিধনকারীদের আইনের আওতায় আনা হবে।”